জাতিসংঘের প্রতিবেদন: জুলাই গণঅভ্যুত্থানে ৯৫ জনের নাম দিলো বাংলাদেশ পুলিশ - দিগন্ত জার্নাল

জাতিসংঘের প্রতিবেদন: জুলাই গণঅভ্যুত্থানে ৯৫ জনের নাম দিলো বাংলাদেশ পুলিশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন (ওএইচসিএইচআর)-এর কাছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৫ জনের একটি তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।

বুধবার প্রকাশিত জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৫ সদস্যের নাম এবং তাদের ভূমিকার বিস্তারিত বিবরণ ওএইচসিএইচআর-এর কাছে সরবরাহ করা হয়েছে। পুলিশের দাবি, এসব ব্যক্তিই বিক্ষোভ চলাকালে নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল। এদের মধ্যে ১০ জন তৎকালীন সংসদ সদস্য, ১৪ জন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা, ১৬ জন যুবলীগ ও ১৬ জন ছাত্রলীগ নেতা এবং সাতজন পুলিশ সদস্য রয়েছেন।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হাতে শিশুদের টার্গেট কিলিং, আটক, নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগ পাওয়া গেছে। নারী ও মেয়ে শিশুরাও যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন। বিক্ষোভের সম্মুখসারিতে থাকা নারীদের ওপর নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকদের হামলার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের দাবি, জাতিসংঘ সরেজমিন তথ্য যাচাই করে নিশ্চিত হয়েছে যে, বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের একটি দল পুলিশের সঙ্গে যৌথভাবে বা ঘনিষ্ঠ সমন্বয়ে বিক্ষোভকারীদের দমন-পীড়নে অংশ নেয়। বিভিন্ন তথ্যপ্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে জাতিসংঘ বলছে, বিক্ষোভ চলাকালে যৌন নির্যাতনসহ নারীদের প্রতি ভয়াবহ সহিংসতা চালানো হয়েছে।

জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

an adbox will go here