চাপের মুখে গাজায় পুনর্গঠন সামগ্রী প্রবেশের অনুমতি দিল ইসরাইল - দিগন্ত জার্নাল

চাপের মুখে গাজায় পুনর্গঠন সামগ্রী প্রবেশের অনুমতি দিল ইসরাইল

দিগন্ত জার্নাল ডেস্ক:

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অনুমতি থাকার পরও ইসরাইল রাফাহ সীমান্তে পুনর্গঠন সামগ্রী প্রবেশে বাধা দেয়, যা নিয়ে তীব্র সমালোচনা হয়। এর জেরে হামাস জানায়, তারা জিম্মি মুক্তির প্রক্রিয়া থেকে সরে আসবে। এতে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দেয়।

অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল গাজায় পুনর্গঠন সামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছে। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইসরাইল সীমান্তে আটকে থাকা বুলডোজার, রোড রোলার ও কারাভানবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয়।

চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ৬০,০০০ অস্থায়ী ঘর ও ২,০০,০০০ তাঁবু গাজায় প্রবেশের কথা ছিল, যা ১ মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ধ্বংসাবশেষ সরানোর জন্য নির্দিষ্ট পরিমাণ সরঞ্জাম প্রবেশের অনুমতিও ছিল।

একজন ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, ৬ জন জীবিত জিম্মির মুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইসরাইল মোবাইল হোম ও নির্মাণ যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দিয়েছে। এছাড়া চারজন মৃত জিম্মির মরদেহ ফেরত আনতেও প্রচেষ্টা চলছে।

তিনি আরও জানান, চুক্তির শর্ত মেনে চললে এবং হামাসও তা পালন করলে, ইসরাইল এই প্রক্রিয়া ধীরে ধীরে বাড়াবে। চুক্তি অনুযায়ী, হামাস বৃহস্পতিবার চারটি মৃত জিম্মির মরদেহ এবং শনিবার তিনজন জীবিত জিম্মিকে মুক্তি দেবে।

an adbox will go here