আসিফ নজরুলের ফেসবুক পোস্টে সহিংসতার ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তাঁর ফেসবুক পোস্টে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যখন তিনি নিজের দেশের ভাইদের একে অপরের রক্তের নেশায় মাতে দেখে, তখন সত্যিকারভাবে আতঙ্কিত ও হতাশ হন।
পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন যে, অতীতে আওয়ামী লীগের সঙ্গে অন্য যে কোনো দলের সংঘর্ষ হলে পুলিশ ও প্রশাসন নির্লজ্জভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াত। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন, পুলিশ ও প্রশাসন এখন বিভক্ত এবং কোনো একক রাজনৈতিক দলের কর্তৃত্ব নেই। এতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মতো রাজনৈতিক সংগঠনগুলি মুখোমুখি হলে, পরিস্থিতি অনেক ভয়াবহ হতে পারে। তিনি আশঙ্কা করেন যে, এটি ছাত্র রাজনীতির ইতিহাসে সবচে ভয়াবহ সংঘর্ষের কারণ হতে পারে, যার ফলে বিপুল সংখ্যক হতাহত হতে পারে।
তিনি আরও বলেন, “এখানে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক, সে তো আমার ভাই, ৬ মাস আগেও একসঙ্গে টিয়ারগ্যাস রাবারবুলেট খেয়েছি। এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবেই বিন্দুমাত্র সুখকর কিছু হতেই পারে না।”
অধ্যাপক আসিফ নজরুল দাবি করেন যে, ছাত্রদল এবং ছাত্রশিবিরের সিনিয়রদের হস্তক্ষেপের মাধ্যমে এই সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। তিনি আল্লাহর কাছে সবাইকে হেফাজত ও সঠিক জ্ঞান-ভালো পথ প্রদর্শন করার প্রার্থনা করেছেন।