রিহলা ইন্টারন্যাশনাল স্কুলে নজেরা-হিফজ উদ্বোধনী ও প্রি রমজান আলোচনাসভা অনুষ্ঠিত - দিগন্ত জার্নাল

রিহলা ইন্টারন্যাশনাল স্কুলে নজেরা-হিফজ উদ্বোধনী ও প্রি রমজান আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দিগন্ত জার্নাল

ঢাকার মিরপুর ১২ নম্বরে অবস্থিত রিহলা ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত নজেরা-হিফজ উদ্বোধনী ও প্রি রমজান শীর্ষক আলোচনাসভা ২২ ফেব্রুয়ারি, শনিবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান হাসান আমিন সালাহুদ্দিন এর সভাপতিত্বে এবং মাওলানা ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা, মুফতি লুৎফুর রহমান। প্রধান অতিথিকে প্রথমে ফুলেল তূরা দিয়ে বরণ করেন রিহলা ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাতা প্রধান হাসান আমিন সালাহুদ্দিন এবং সিনিয়র শিক্ষকবৃন্দের সমন্বয়ে মুফতি লুৎফুর রহমান শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফের কপি, টুপি এবং সনদ তুলে দেন।

মুফতি লুৎফুর রহমান নাজেরা-হিফজের উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশ্যে নসিহতপূর্ণ আলোচনা পেশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব জাহিদুল ইসলাম, সহ-প্রতিষ্ঠাতা জনাবা সুমাইয়া সুলতানা, হিফজ শিক্ষক জনাব হাবিবুল্লাহ মিসবাহসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।

আয়োজনের শেষে প্রশ্নোত্তর পর্বে মুফতি লুৎফুর রহমানের কাছে একজন মহিলা অভিভাবক লিখিত আকারে একটি প্রশ্ন করেন, “নারীরা কি মসজিদে তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবে?” যেহেতু আমাদের অত্র প্রতিষ্ঠানে তারাবির নামাজের ব্যবস্থা করা হচ্ছে, তাই আপনার কাছে বিষয়টা কোরআন হাদিসের আলোকে জানতে চাই?

মুফতি লুৎফুর রহমান কোরআন ও হাদিসের আলোকে উক্ত অভিভাবকের প্রশ্নোত্তরে বলেন, “মহিলাদের মসজিদে জামাতে অংশগ্রহণ সম্পর্কে উলামায়ে কেরামের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে অধিকাংশ উলামা মহিলাদের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ার পরিবর্তে ঘরের ভিতরে নামাজ পড়ার কথা বলেছেন, যেটি বেশি ফজিলতপূর্ণ।” তিনি আরও বলেন, “সাহাবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা থেকে এ বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে এবং এটি বর্তমান যুগে ফিতনা ও ফাসাদের সম্ভাবনা বাড়ায়।” প্রসঙ্গত, বুখারী শরীফ ৫০৯৬ নম্বর হাদীসে এই বিষয়টি উল্লেখ রয়েছে।

তথাপি, এই প্রতিষ্ঠানে (রিহলা ইন্টারন্যাশনাল স্কুল) যেহেতু একটি রুলস করা হচ্ছে শুধুমাত্র রমজান মাস উপলক্ষে বাচ্চাদের তালিমের জন্য যে, তাদের তারাবিতে অংশগ্রহণ করতে হবে, সে ক্ষেত্রে আপনারা অভিভাবকরা তাদেরকে নিয়ে আসতে পারেন। যদি কখনো কোনো সমস্যা অনুভব করেন, তবে কর্তৃপক্ষকে জানাবেন। আশা করি বিষয়টি তারা গুরুত্ব দিবেন।

আয়োজন শেষে রিহলা ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ প্রধান অতিথি মাওলানা, মুফতি লুৎফুর রহমানকে স্মৃতিস্বরূপ একটি ওয়লামেট উপহার প্রদান করেন।

an adbox will go here