বাংলাদেশের বিষয়ে ইসকন নেতার আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট - দিগন্ত জার্নাল

বাংলাদেশের বিষয়ে ইসকন নেতার আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতা ও নির্যাতন বন্ধে ভারত সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে করা আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বে গঠিত বেঞ্চ আবেদনটি নাকচ করে দেয়।

আদালত জানায়, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা আদালতের জন্য অস্বাভাবিক হবে। পাঞ্জাবের লুধিয়ানার ব্যবসায়ী ও সমাজসেবক রাজেশ ধাণ্ডা এই আবেদন করেছিলেন, যিনি ইসকন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান। তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং ভারতে আশ্রয় নেওয়া হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার আবেদনপত্রের সময়সীমা বৃদ্ধির দাবি জানান।

আবেদনে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার অনুরোধ করা হয়েছিল, যাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের সহায়তা প্রদান করে। পাশাপাশি, বাংলাদেশ সরকারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের দাবি জানানো হয়। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ বিষয়ে আদালতের কোনো হস্তক্ষেপ করা যুক্তিযুক্ত নয়।

an adbox will go here