রমজানে শহিদ পরিবারের কান্না, ফিরে আসবে না মীর মুগ্ধ
দিগন্ত জার্নাল ডেস্ক:
পবিত্র মাহে রমজান শুরু হয়েছে বাংলাদেশে। কিন্তু এবারের রোজা ও ঈদ আর আগের মতো আনন্দ বয়ে আনবে না জুলাই অভ্যুত্থানে শহিদ হওয়া পরিবারের জন্য।
শহিদ পরিবারের ইফতার কেমন কাটবে, তা নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি শেয়ার করেছেন মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধর লেখা, যেখানে ফুটে উঠেছে তাদের পরিবারের অপূর্ণতার যন্ত্রণা।
স্নিগ্ধ লিখেছেন, “সবাই বলছে, ইফতারের মূল উপাদান হলো পরিবার! কিন্তু আমার পরিবার তো আর কখনো পরিপূর্ণ হবে না। বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে ফেরার অপেক্ষায় থাকতে। এখন আর সে ফিরবে না। আমি জানি, আজ ইফতারের সময় আম্মু কাঁদবে, হাজারো সন্তানের মা কাঁদবে। এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না। ওপারে ভালো থাকুক সব শহিদরা।”
এই শোক শুধু মীর মুগ্ধর পরিবারের নয়, বরং পুরো জাতির। শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেটাই সবার প্রত্যাশা। রমজান মোবারক, বাংলাদেশ।