যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডারদের ঠাঁই দেওয়া হবে না: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন কংগ্রেসের প্রথম যৌথ অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে অন্যতম ছিল ট্রান্সজেন্ডার সম্পর্কিত নীতি। ট্রাম্প ফের একবার ঘোষণা করেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে কেবলমাত্র দুই লিঙ্গের মানুষের ঠাঁই হবে, নারী এবং পুরুষ।” মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার নামের কোনো লিঙ্গের ঠাঁই দেয়া হবে না।
অধিবেশনে ট্রাম্প বলেন, “আমি ইতোমধ্যেই একটি সরকারি নীতি তৈরি করেছি। আমাদের দেশে কেবলমাত্র দু’ধরনের লিঙ্গের মানুষ থাকবেন। নারী এবং পুরুষ। স্কুলগুলো থেকে জাতিতত্ত্বের বিষ মুছে ফেলা হয়েছে।”
এই বক্তব্যের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের স্কুলগুলো থেকে জেন্ডার স্টাডিজ তুলে দেওয়ার পক্ষে জোরালো মন্তব্য করেন। তার শাসনকালে আমেরিকায় জাগরণবাদ (Wokeism) ঘটবে না বলে স্পষ্ট জানান ট্রাম্প। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আপনি ডাক্তার, অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবী বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার হোন, আপনার নিয়োগ এবং পদোন্নতি হবে মেধার ভিত্তিতে।”
এছাড়া, ট্রাম্প LGBTQ+ সম্প্রদায়ের প্রতি তার অবস্থান স্পষ্ট করে বলেন, “ক্ষমতায় আসলে আমি তাদের ‘পাগলামো’ বন্ধ করব। নারী ও পুরুষ ছাড়া আর কোনো সর্বনাম ব্যবহার করা যাবে না যুক্তরাষ্ট্রে।” তিনি ঘোষণা করেন যে, মার্কিন সামরিক বাহিনীতে আর কোনো ট্রান্সজেন্ডার নিয়োগ করা হবে না এবং সেনায় কর্মরতদের লিঙ্গ পরিবর্তন ও সেই সংক্রান্ত সুবিধা আর দেওয়া হবে না।
আগের প্রেসিডেন্ট জো বাইডেনের সময় রূপান্তরকামীদের জন্য যে নীতিমালা চালু হয়েছিল, তা পরিবর্তন করার অঙ্গীকারও করেন ট্রাম্প।