কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, শুল্ক ইস্যুতে কঠোর অবস্থান
আন্তর্জাতিক ডেস্ক :
কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন। রোববার (৯ মার্চ) কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনে কার্নি ৮৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। এর মাধ্যমে তিনি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
মার্ক কার্নি ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি।
প্রধানমন্ত্রী-নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কার্নি। তিনি বলেন, “আমরা এই বাণিজ্য লড়াই চাইনি, কিন্তু কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে।”
নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার্নি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন এবং দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, এপি নিউজ