সিরিয়ায় নতুন অস্থায়ী সংবিধানে ইসলামি শরিয়ার ভিত্তিতে শাসনব্যবস্থা
আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নতুন ও অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন, যা আগামী পাঁচ বছর কার্যকর থাকবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বাক্ষরিত এই সংবিধানে বলা হয়েছে, সিরিয়ার শাসনব্যবস্থা ইসলামি শরিয়ার ভিত্তিতে পরিচালিত হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে ৪-৫ বছর সময় লাগতে পারে। বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের তিন মাস পর এই সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করা হলো।
সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় আহমেদ আল-শারা বলেন, “এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে। নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”
সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল-আওয়াক জানান, নতুন সংবিধানে রাষ্ট্রপ্রধানের মুসলিম হওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং ইসলামি আইনকে প্রধান আইনশাস্ত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সুরক্ষার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ৩০ জানুয়ারি বিদ্রোহী অভিযানের মাধ্যমে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর আহমেদ আল-শারাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। ওইদিনই বিদ্রোহী সামরিক কমান্ডার হাসান আবদুল ঘানি সিরিয়ার ২০১২ সালের সংবিধান বাতিল করেন এবং আসাদ সরকারের সংসদ, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো বিলুপ্ত ঘোষণা করেন।