রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়: জাতিসংঘ মহাসচিব
দিগন্ত জার্নাল ডেস্ক :
বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি।”
জাতিসংঘ মহাসচিব বলেন, “রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে চায়, যা তাদের অধিকার। কিন্তু ক্যাম্পেও তারা আরও ভালো পরিবেশ চায়। দুঃখজনকভাবে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সম্প্রতি মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে, যার ফলে খাদ্য রেশন সংকট দেখা দিয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ফান্ড সংগ্রহের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
গুতেরেস আরও বলেন, “ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য মানসম্মত জীবন নিশ্চিত করতে সহায়তা করবে জাতিসংঘ।” পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এর আগে ক্যাম্পে রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটি নেতারা জাতিসংঘ মহাসচিবের কাছে রাখাইনের গণহত্যার বিচার ও টেকসই প্রত্যাবাসনের জন্য সহযোগিতা কামনা করেন।
এদিকে উখিয়ায় রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে জাতিসংঘ মহাসচিব প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। তার সঙ্গে থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর সন্ধ্যায় তারা একসঙ্গে ঢাকায় ফিরবেন।