জুলাই বিপ্লবে আহত ঢাবি শিক্ষার্থীদের পাশে সাদা দল
দিগন্ত জার্নাল ডেস্ক :
জুলাই গণঅভ্যুত্থানে (জুলাই বিপ্লব) আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে ঢাবির নয়জন আহত শিক্ষার্থী এবং শহিদ দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন, স্যার পি জে হার্টস ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মহিউদ্দিন প্রমুখ।
এছাড়া, আর্থিক সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলেন— ঢাবির ইতিহাস বিভাগের সুমন মিয়া, দর্শন বিভাগের স্বপন মিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাব্বির আহমেদ ও মুবাশিরুজ্জান হাসান, সমাজবিজ্ঞান বিভাগের মো. মনসুর রহমান ও আশিকুর রহমান, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালরানেবিলিটি স্টাডিজের (আইডিএমভিএস) ইশরাত জাহান ইমু, রসায়ন বিভাগের মোস্তাফিজুর রহমান ও মো. আরিফুল ইসলাম।
গণঅভ্যুত্থানে (জুলাই বিপ্লব) শহিদ দুই পরিবারের সদস্যদেরও আর্থিক সহায়তা প্রদান করা হয়। শহিদ কামাল মিয়ার স্ত্রী ফাতেমা এবং শহিদ মো. সাইফুল ইসলামের মা মোসাম্মদ হায়াতুন নেসাকে সহায়তা দেওয়া হয়।
এ বিষয়ে সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “জুলাই বিপ্লবে নিহত ও আহতদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। আমরা তাদের পাশে আছি, সবসময় পাশে থাকব।”
সাদা দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, “জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সেই সময় ছাত্রদের পাশে সাদা দল ছিল, এখনো আছে, ভবিষ্যতেও ছাত্রদের যে কোনো সহযোাগিতায় সাদা দল পাশে থাকবে।”