ইসরাইলের বিমান হামলায় গাজায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত - দিগন্ত জার্নাল

ইসরাইলের বিমান হামলায় গাজায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত

দিগন্ত জার্নাল ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরাইল বাহিনী। এই হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে গাজা সিটিতেই ২০ জনের প্রাণহানি ঘটেছে। হামলায় আহত হয়েছেন আরও অনেকেই। যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরাইল গাজা উপত্যকা জুড়ে এই হামলা শুরু করেছে।

রয়টার্স জানায়, গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। আলজাজিরা জানিয়েছে, এই হামলার পর গাজা সিটিতে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এছাড়া, গাজার মধ্যাঞ্চলের আল-দারাজ পাড়া শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল-তাবি’ইন স্কুলে হামলায় ৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর হামলায় বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা এই হামলা শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরাইল এই সামরিক অভিযান শুরু করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপক আক্রমণ চালাচ্ছে এবং রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে।

an adbox will go here