ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে গাজায় হামলা চালায় ইসরাইল: ক্যারোলিন লিভিট - দিগন্ত জার্নাল

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে গাজায় হামলা চালায় ইসরাইল: ক্যারোলিন লিভিট

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এই তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী, যাতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। তবে হামলার আগে ইসরাইলের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করা হয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি।

সংবাদমাধ্যম ফক্স নিউজকে ক্যারোলিন লিভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা স্পষ্ট করে বলেছেন, হামাস, হুথি, ইরান— যারা কেবল ইসরাইলকে নয়, যুক্তরাষ্ট্রকেও আতঙ্কিত করতে চায়— তাদের মূল্য দিতে হবে এবং তাদের ওপর নরক ভেঙে পড়বে।’

তিনি আরও বলেন, ‘হুথি, হিজবুল্লাহ, হামাস, ইরান ও তাদের সমর্থিত সন্ত্রাসী প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া। কারণ তিনি (ট্রাম্প) আইন মেনে চলা মানুষের পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র ইসরাইলের পক্ষে দাঁড়াতে ভয় পান না।’

এদিকে ইসরাইল দাবি করেছে, বিমান হামলায় হামাসের কমান্ডার ও রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরাইলের সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলনের সিনিয়র ব্যক্তিদের টার্গেট করেই সর্বশেষ এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, আলোচনার ব্যর্থতার পর এই হামলা শুরু হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ‘রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে এবং শিন বেইটের সমন্বয়ে গাজা উপত্যকায় সন্ত্রাসী সংগঠন হামাসের লক্ষ্যবস্তুতে ব্যাপক আক্রমণ চালানো হচ্ছে।’

an adbox will go here