গাজায় ইসরাইলের হামলায় নিহত বেড়ে ৪০৪, আহত ৫৬২ - দিগন্ত জার্নাল

গাজায় ইসরাইলের হামলায় নিহত বেড়ে ৪০৪, আহত ৫৬২

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলের বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪০৪-এ পৌঁছেছে, আহত হয়েছেন ৫৬২ জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার মেডিকেল সূত্র। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর এটি ইসরাইলের সবচেয়ে বড় হামলা। হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি বাতিলের জন্য ইসরাইল বেসামরিক নাগরিকদের ওপর ‘প্রতারণামূলক’ হামলা চালিয়েছে।

টানা ১৫ মাস সংঘাত চলার পর ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়, যার মেয়াদ ছিল ৪২ দিন। তিন ধাপের মধ্যে ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা থাকলেও ইসরাইল প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর চেষ্টা করে, যা হামাস প্রত্যাখ্যান করে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে অগ্রগতি না হওয়ায় তিনি এ হামলার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি বন্দি হয়। এর পরপরই ইসরাইলের টানা হামলায় গাজায় অন্তত ৪৮,৫৭৭ ফিলিস্তিনি নিহত এবং ১,১২,০৪১ জন আহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে, যা মোট নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে।

an adbox will go here