যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ
দিগন্ত জার্নাল ডেস্ক :
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে, যেখানে এক সাংবাদিক বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। তবে নতুন মুখপাত্র ট্যামি ব্রুস এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং বিষয়টি কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে উল্লেখ করে আগাম কোনো মূল্যায়ন দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারী উল্লেখ করেন, (যুক্তরাষ্ট্রে) নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর নতুন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এই পরিস্থিতি নিয়ে তার মূল্যায়ন এবং নেওয়া পদক্ষেপ কী—এমন প্রশ্ন করা হয়।
জবাবে ট্যামি ব্রুস বলেন, “আবারও বলছি, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছেন যে, অন্য দেশে কী ঘটছে তা কিছু দিক দিয়ে দেশ (যুক্তরাষ্ট্র) এবং তার (ট্রাম্প) প্রশাসন কীভাবে দেখে থাকে…”—এই পর্যায়ে প্রশ্নকারী বিষয়টি বাংলাদেশ সম্পর্কিত বলে উল্লেখ করলে তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্যই এই বিষয়ে নেওয়া সিদ্ধান্তের প্রকৃতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। তবে কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে আমি অনুমানভিত্তিক কোনো মন্তব্য করতে চাই না।”
প্রশ্নকারী পুনরায় বিষয়টি জানতে চাইলে ট্যামি ব্রুস বলেন, “আমি যা উত্তর দেব না তা হলো—সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক বিবেচনা অথবা একটি নির্দিষ্ট দেশে কী ঘটছে সে সম্পর্কে কোনো মনোভাব প্রকাশ করা। এসব বিষয়ে অনুমান করাও আমার পক্ষে সম্ভব নয়।”