আফগানিস্তানের সঙ্গে শত্রুতা না বাড়ানোর আহ্বান: ইমরান খান - দিগন্ত জার্নাল

আফগানিস্তানের সঙ্গে শত্রুতা না বাড়ানোর আহ্বান: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) জাফর এক্সপ্রেসে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর সন্ত্রাসী হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে পাকিস্তান। দেশটি অভিযোগ করেছে, আফগানিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং সীমান্তবর্তী হামলায় মদদ দিচ্ছে।

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তালেবান সরকারের বিরোধের মধ্যে ট্রেনে সন্ত্রাসী হামলার ঘটনাটি দুই দেশের সম্পর্কে আরও উত্তেজনা বাড়িয়েছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের বোন আলিমা খান জানিয়েছেন, তার ভাই আফগানিস্তানের সঙ্গে শত্রুতা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলিমা খান বলেন, “ইমরান খান আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, ‘আফগানিস্তান আমাদের শত্রু নয়, কেন তাদের শত্রু বানানোর চেষ্টা করা হচ্ছে? কেন মুসলিম ভাইদের সঙ্গে যুদ্ধ শুরু করতে চাইছেন?'”

তিনি আরও জানান, ইমরান খান জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে অংশগ্রহণের বিষয়ে তার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেবে না। তিনি বলেন, “২০২১ সালের মধ্যে সন্ত্রাসবাদ হ্রাস পেলেও ২০২২ সাল থেকে এটি আবার বৃদ্ধি পেয়েছে।”

এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, “দেশের মধ্যে শান্তি ও অগ্রগতি আনতে হলে রাষ্ট্রকে মৌলিক ও তাত্ক্ষণিক সংশোধন আনতে হবে।”

তিনি আরও বলেন, “ক্ষমতা দখলকারীদের স্বল্পদৃষ্টিকোণী নীতির কারণে দেশ বিভক্ত হয়ে গেছে এবং জনগণ বঞ্চিত হয়েছে। রাষ্ট্রকে সংবিধানের সীমানার মধ্যে থাকতে হবে, জনগণের অধিকার রক্ষা করতে হবে এবং জাতীয় স্বার্থকে ব্যক্তি ও রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে রাখতে হবে।”

শেখ ওয়াকাস আকরাম বলেন, “পাকিস্তানের অস্তিত্ব রক্ষার জন্য বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার বাস্তব সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।”

তিনি আরও দাবি করেন, “চুরি করা ম্যান্ডেটধারীরা পিটিআই ও ইমরান খানকে সমালোচনার জন্য ব্রিগেড তৈরি করেছে, অথচ তারা প্রকৃত আলোচনার মাধ্যমে সমাধানে আসতে প্রস্তুত নয়।”

পাকিস্তান জাতিসংঘে এই ইস্যু উত্থাপন করে সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছে।

an adbox will go here