গাজায় ইসরাইলি হামলায় ৪৮ ঘণ্টায় শহীদ হয়েছে ৯৭০ জন
আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসের মধ্যেই গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গত ৪৮ ঘণ্টায় এই হামলায় কমপক্ষে ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক শতাধিক।
বুধবার (১৯ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি হতাহতের এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। সোমবার পর্যন্ত যেখানে গাজার প্রাণহানি ৪৮ হাজার ৫৭৭ জন ছিল, বুধবার দুপুর নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৪৭ জনে।
হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে সোমবার রাত থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। হামাস জানিয়েছে, চলমান সংঘাতের মধ্যে এই হামলাগুলো সবচেয়ে প্রাণঘাতী।
এদিকে, গাজায় নিযুক্ত জাতিসংঘের একটি ভবনেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে সংস্থাটির অন্তত একজন বিদেশি কর্মী নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, মধ্য-গাজার গভর্নরেটের সদরদপ্তরে ইসরায়েলি বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আল-আকসা শহিদ হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজায় মানবিক পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।