জুলাই বিপ্লবের শহিদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, এক অভিযুক্ত গ্রেফতার - দিগন্ত জার্নাল

জুলাই বিপ্লবের শহিদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, এক অভিযুক্ত গ্রেফতার

দিগন্ত জার্নাল ডেস্ক:

পটুয়াখালীর দুমকিতে জুলাই বিপ্লবে শহিদ জসীম উদ্দীনের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজন অভিযুক্তের নাম উঠে এসেছে। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি আসামিকেও গ্রেফতার করতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার বিকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ ইসলাম বলেন, “সরকার যে আইন পরিবর্তনের চিন্তা করছে, তা যেন দ্রুত বাস্তবায়ন হয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

ভুক্তভোগীর বরাত দিয়ে চিকিৎসক ডা. তাসনিম জারা জানান, কিশোরী বিচার চেয়ে বলেছেন, “আমি মেয়ে হিসেবে বিচার চাই না, আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে ন্যায়বিচার চাই।”

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদ জসীম উদ্দীনের মেয়ে সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে অভিযুক্ত সাকিব ও সিফাত তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং নগ্ন ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

বুধবার থানায় অভিযোগ দেওয়ার পর বিকাল ৩টায় মামলা গ্রহণ করা হয় এবং অভিযুক্ত সাকিব মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

an adbox will go here