উত্তরায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ইফতার মাহফিল
দিগন্ত জার্নাল ডেস্ক:
উত্তরায় মুগ্ধ মঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে শহিদ পরিবারের সদস্যরা এবং জুলাই আন্দোলনের আহত ও পঙ্গু যোদ্ধারা একত্রিত হয়ে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
সোমবার (২৪ মার্চ) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহিদ মুগ্ধের গর্বিত পিতা মীর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “আমার মুগ্ধ জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে, ফ্যাসিবাদের বিদায় করতে। আহতদের সুচিকিৎসা ও হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন চাই না।”
স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহিদ জসিম উদ্দিনের মামা নাসির উদ্দীন, শহিদ জাবির ইব্রাহিমের পিতা মো. কবীর হোসেন, শহিদ নাঈমা সুলতানার মা আইনুন নাহার, শহিদ রবিউল ইসলামের চাচা আহম্মদ সাঈদ, শহিদ সামিউ আমান নুরের পিতা মো. আমান উল্লাহ, শহিদ সানজিদ হোসেন মৃধার পিতা মো. কবির হোসেন মৃধা প্রমুখ।
মাহফিলে গুরুতর আহত ও আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান রেজা, ইকবাল হাসান, সাগর হাওলাদার, রবিন চৌধুরী, তানজিল রেজোয়ান, ওমর ইমু, মেহেদী আব্দুল্লাহ শাফি, শহিদ মোহাম্মদ আকাশ ব্যাপারীর মেয়ে কণা আক্তারসহ অনেকে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আমার ঢাকা ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক মো. কবীর উদ্দিন মিঠু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
মাহফিলে শহিদ পরিবারের অর্ধশত সদস্য, প্রায় এক হাজার আহত পঙ্গু ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।