মার্কিন ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা
দিগন্ত জার্নাল ডেস্ক:
৩০ মার্চ ২০২৫ রোববার, ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভে অংশ নেওয়া জুলাই বিপ্লবের একদল নারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পেয়েছেন। তারা ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ’ পুরস্কারে ভূষিত হয়েছেন, যা ৯০-এর দশকের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের নামে প্রবর্তিত। শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
তবে, ওই আন্দোলনের অন্যতম অংশগ্রহণকারী উমামা ফাতেমা ব্যক্তিগতভাবে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। শনিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে তিনি এই স্বীকৃতি গ্রহণ করছেন না।
ফেসবুক স্ট্যাটাসে উমামা ফাতেমা লেখেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নারী আন্দোলনকারীদের ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ’ পুরস্কারে ভূষিত করেছে। তবে, তিনি মনে করেন, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলাকে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে সমর্থন করেছে এবং এই পুরস্কার সেই অবস্থানকে বৈধতা দেয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে, এই পুরস্কারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
তিনি আরও লেখেন, “ফিলিস্তিনি জনগণ দীর্ঘদিন ধরে তাদের ভূমির অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই পুরস্কার প্রত্যাখ্যান করছি।”
তার পোস্টের শেষে তিনি ফিলিস্তিনি স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়ে লেখেন—
“From the River, to the Sea, Palestine will be Free”
সঙ্গে তিনি ফিলিস্তিনের পতাকার ইমোজি যুক্ত করেন।
আগামী ১ এপ্রিল, ২০২৫ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন।