ইসরাইলের অর্থমন্ত্রীর পদত্যাগ, ডানপন্থী জোটে বাড়ছে উত্তেজনা - দিগন্ত জার্নাল

ইসরাইলের অর্থমন্ত্রীর পদত্যাগ, ডানপন্থী জোটে বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্মট্রিচ সোমবার পদত্যাগ করেছেন, যা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকারের অভ্যন্তরীণ উত্তেজনাকে আরও গভীর করেছে। তবে স্মট্রিচ নেসেটে তার দল রিলিজিয়াস জায়ানিজম পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্মট্রিচের পদত্যাগের মূল কারণ জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে মতবিরোধ। বিশেষ করে নেসেট সদস্য জভি সুকটের পুনর্বহাল নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছায়, যেখানে স্মট্রিচ বেন-গভিরকে ওয়াদা বরখেলাফ করার অভিযোগ করেন। এই ঘটনার মাধ্যমে উগ্র ডানপন্থী জোটের মধ্যে ক্রমবর্ধমান বিভাজন আরও স্পষ্ট হলো।

যদিও জোট সরকারের অভ্যন্তরীণ বিরোধ বাড়ছে, তবে এতে সরকার পতনের শঙ্কা নেই। গত সপ্তাহেই ইসরাইলের পার্লামেন্ট ২০২৫ সালের বাজেট পাস করেছে, যা সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, স্মট্রিচ গাজায় চলমান হত্যাযজ্ঞে কোনো ধরনের যুদ্ধবিরতি উদ্যোগের কট্টর বিরোধী ছিলেন। তিনি বারবার বলেছেন, যদি যুদ্ধবিরতি করা হয়, তবে তিনি পদত্যাগ করবেন। পাশাপাশি তিনি অধিকৃত পশ্চিমতীরকে ইসরাইলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার এবং গাজায় অবৈধ ইহুদিবাদী বসতি স্থাপনের পক্ষে ছিলেন।

বিশ্লেষকরা বলছেন, এই পদত্যাগ ডানপন্থী জোটের মধ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে, তবে তাৎক্ষণিকভাবে নেতানিয়াহুর সরকার টিকে থাকার সম্ভাবনা প্রবল।

an adbox will go here