পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে ভর্তি
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অসুস্থ হয়ে করাচির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, জ্বর ও সংক্রমণের কারণে প্রথমে তাকে নওয়াবশাহ থেকে করাচির বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
প্রেসিডেন্ট জারদারির বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। চিকিৎসকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আগামী দিনে আরও আপডেট পাওয়া যাবে।
এদিকে, প্রেসিডেন্টের অসুস্থতার খবরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তিনি দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “আল্লাহ আপনাকে পূর্ণ ও দ্রুত সুস্থতা দান করুন। সমগ্র জাতির দোয়া আপনার সাথে রয়েছে।”