বাংলাদেশের ড. ইউনুস পেল বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব
আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস
। আজ শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ দায়িত্ব হস্তান্তর হয়। শীর্ষ সম্মেলনে ড. ইউনূসসহ বিমসটেকভুক্ত দেশগুলোর নেতারা আঞ্চলিক সহযোগিতা বিষয়ে নিজেদের দেশের অবস্থান ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য দেন। বক্তব্যে ড. ইউনূস একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর বিমসটেক গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন দিক উপস্থাপন করেন। পাশাপাশি, মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে মিয়ানমারকে আলোচনায় সম্পৃক্ত করার জন্য বিমসটেকভুক্ত রাষ্ট্রগুলোকে দৃশ্যমান ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ১৯৯৭ সালে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি এবং স’ন্ত্রা’সবাদ দমনসহ আঞ্চলিক সহযোগিতার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)।