গাজার দারুল আরকাম স্কুলে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি - দিগন্ত জার্নাল

গাজার দারুল আরকাম স্কুলে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক:

রবিবার, ৬ এপ্রিল ২০২৫ || গাজা উপত্যকার দারুল আরকাম স্কুলে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি শনিবার এক বিবৃতিতে হামলাকে আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ওআইসি আরও জানায়, ইসরাইলি বাহিনী গাজার বেসামরিক নাগরিক, শরণার্থী কেন্দ্র, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে, যা বর্বরতার সর্বশেষ উদাহরণ। এর মধ্যে গাজা শহরের দারুল আরকাম স্কুলে বোমা হামলা এবং রাফাহতে সৌদি সাংস্কৃতিক ও ঐতিহ্য কেন্দ্রের অধীনস্থ চিকিৎসা সরঞ্জামের গুদামে হামলা অন্তর্ভুক্ত।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার শামিল। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য এটি একটি গুরুতর হুমকি। ওআইসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জাতিসংঘ সনদের অধ্যায় ৮ অনুযায়ী অবিলম্বে গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গাজায় মানবিক সাহায্য প্রবেশ এবং আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় দায়বদ্ধতা কার্যকর করার দাবিও জানানো হয়েছে।

ওআইসি দাবি করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তেলআবিবের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা, যাতে তারা আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ, মানবাধিকার আইন এবং জাতিসংঘ সনদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং ফিলিস্তিনি ভূমি দখল ও সামরিক আগ্রাসন বন্ধ করে। এদিকে, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

an adbox will go here