জুলাই বিপ্লবের গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন হাতে: চিফ প্রসিকিউটর - দিগন্ত জার্নাল

জুলাই বিপ্লবের গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন হাতে: চিফ প্রসিকিউটর

দিগন্ত জার্নাল ডেস্ক:

রোববার, ৬ এপ্রিল ২০২৫ || জুলাই বিপ্লব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই মাসের ভয়াবহ গণহত্যা সংক্রান্ত তিনটি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, এর অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা সম্ভব হবে।

রোববার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা এবং চানখারপুল গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। যাচাই-বাছাই শেষে আমরা এগুলো দ্রুত আদালতে উপস্থাপন করব।”

তিনি আরও বলেন, “বিচারকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্র, কোনো মিথ্যাচার আমাদের বিচারকাজ থামাতে পারবে না।”

প্রসিকিউশন ও তদন্ত সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “কেউ যদি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারে, তাহলে আমরা সেটি গ্রহণ করব। কিন্তু এখন পর্যন্ত কেউ তা পারেনি।”

চিফ প্রসিকিউটরের এই বক্তব্য ঘিরে বিচারপ্রক্রিয়ার গতিশীলতা ও মামলার অগ্রগতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আশা করা হচ্ছে, চলমান তদন্ত ও বিচারকাজের মাধ্যমে দেশের ইতিহাসে সংঘটিত বড় বড় মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যকর রূপ পাবে।

an adbox will go here