আশদোদের দিকে রকেট হামলার দায় স্বীকার করল আল-কাসাম ব্রিগেড - দিগন্ত জার্নাল

আশদোদের দিকে রকেট হামলার দায় স্বীকার করল আল-কাসাম ব্রিগেড

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || গাজা থেকে ইসরাইলের আশদোদ শহরের দিকে রোববার রাতে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরাইলি বাহিনী বেসামরিক মানুষের ওপর যে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তার প্রতিশোধেই আমরা আশদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি।”

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র জানায়, গাজা থেকে মোট ১০টি রকেট ছোড়া হয়, যার মধ্যে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা সম্ভব হয়েছে। রকেট হামলার সময় আশদোদ, আশকেলনসহ আশপাশের এলাকায় সাইরেন বাজতে থাকে, আতঙ্কে মানুষ দৌড়ে আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।

আশকেলনের মেয়র জানিয়েছেন, একটি রকেট বিস্ফোরণে একজন সামান্য আহত হয়েছেন এবং কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। হিব্রু চ্যানেল ১৩ জানায়, আশকেলনের হামলায় অন্তত তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চ্যানেল ১২ দাবি করেছে, রকেটগুলো ছোড়া হয়েছে দেইর আল-বালাহ এলাকা থেকে, যদিও ইসরাইলি সেনাবাহিনীর মতে, সেখানে কোনো সক্রিয় সামরিক তৎপরতা তখন ছিল না।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এই হামলার জবাবে বলেন, “গাজা থেকে রকেট হামলা প্রমাণ করে যে হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই হবে।”

an adbox will go here