ইসরাইলি নিষেধাজ্ঞায় গাজায় পোলিও টিকা সংকট: ৬ লাখ শিশুর জীবনে ঝুঁকি
আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || গাজার শিশুদের জন্য পোলিও টিকা প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় স্বাস্থ্যব্যবস্থায় ভয়াবহ সংকট দেখা দিয়েছে বলে সতর্ক করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার এক বিবৃতিতে তারা জানায়, এই নিষেধাজ্ঞা গাজায় ‘টাইম বোমা’ বসানোর শামিল, যা যে কোনো সময় বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয়ে রূপ নিতে পারে।
বিবৃতিতে বলা হয়, “এই নীতির সরাসরি লক্ষ্য গাজার শিশুদের দিকে—এটি একটি আসন্ন স্বাস্থ্য বিপর্যয়।” উল্লেখ করা হয়, কয়েক মাস ধরে চলমান পোলিও প্রতিরোধ প্রচেষ্টাকে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ ব্যর্থ করে দিতে পারে।
মন্ত্রণালয় আরও জানায়, গাজায় বর্তমানে ৬ লাখ ২ হাজারের বেশি শিশু পোলিও ভাইরাসে আক্রান্ত হয়ে স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ও দীর্ঘমেয়াদি অক্ষমতার ঝুঁকিতে রয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করে টিকা সরবরাহ নিশ্চিত করা হয় এবং শিশুদের নিরাপদে টিকা দেওয়ার জন্য করিডোর চালু করা হয়।
মানবাধিকার সংস্থাসমূহ ও আন্তর্জাতিক সংগঠনগুলো ইতোমধ্যেই গাজায় ইসরাইলের নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে চরম মানবিক বিপর্যয়ের সতর্কতা দিয়েছে। খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সংকটে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ এবং স্বাস্থ্যসেবার অবনতি ঘটেছে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি মামলা চলছে।
দিগন্ত জার্নাল — সাম্যের আহ্বানে।