নেত্রকোণার পূর্বধলায় তরুণীর হাতে যুবকের অঙ্গ কাটার ঘটনা - দিগন্ত জার্নাল

নেত্রকোণার পূর্বধলায় তরুণীর হাতে যুবকের অঙ্গ কাটার ঘটনা

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ৮ এপ্রিল ২০২৫ || নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার রাজধলা বিলের পশ্চিমপাড়ে পরিত্যক্ত একটি ঘরে ২২ বছরের এক তরুণীর হাতে পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের অঙ্গ কাটার ঘটনা ঘটেছে। সোমবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।

আহত পারভেজ মিয়া নেত্রকোণা জেলার ত্রিমোহনী এলাকার আব্দুল মন্নান বেপারীর ছেলে। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং পূর্বধলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে তার মামার বাড়িতে থাকতেন। তিনি পূর্বধলা বাজারে তার মামার লেপ-তোষকের দোকানে কাজ করতেন।

অভিযুক্ত তরুণী সুমাইয়া আক্তার (২২) উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল গনি সরকারের মেয়ে এবং রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

তরুণী সুমাইয়া জানান, পূর্বধলা বাজারের সোনালী স্টোরের কর্মচারী মো. জাহিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক জাহিদের সঙ্গে দেখা করতে তিনি সেদিন পূর্বধলা সদর বাজারে আসেন। পরে জাহিদ তার বন্ধু পারভেজকে ডেকে নিয়ে আসে এবং বিভিন্ন কথাবার্তা বলে তাকে রাজধলা বিলপাড়ে নিয়ে যায়। একপর্যায়ে তারা দুজন মিলে তাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বলে তরুণীর অভিযোগ।

তিনি জানান, এ সময় তিনি পাশেই পড়ে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের অঙ্গ কেটে দেন। এতে পারভেজের পুরুষাঙ্গের অর্ধেক কেটে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

অন্যদিকে, পারভেজের পরিবারের দাবি, ওইদিন বিকেলে দোকান থেকে মোটরসাইকেলে করে দুই তরুণ পারভেজকে ডেকে নিয়ে যায়। পরে ৪-৫ জন যুবক রাজধলা বিলপাড়ের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ব্লেড দিয়ে পারভেজের অঙ্গ কেটে দেয়। তাদের দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং সেই তরুণীও সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় জমা হয়নি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সোহেল রানা জানান, পারভেজের অঙ্গের প্রায় ৫০ শতাংশ কেটে গেছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

an adbox will go here