দেশের ছয় বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত - দিগন্ত জার্নাল

দেশের ছয় বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

দিগন্ত জার্নাল ডেস্ক:
১২ এপ্রিল ২০২৫, শনিবার, ঢাকা – রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

রোববার, ১৩ এপ্রিলের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তীতে সোমবার, ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনেও একই ধারা বজায় থাকবে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে এ দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার, ১৫ এপ্রিলের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সবকটি বিভাগের – রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট – দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব বৃষ্টিপাত সাময়িক হলেও কিছু এলাকায় তা ঝড়ো হাওয়ার সঙ্গে আসতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

an adbox will go here