শীতের প্রকোপে বিপর্যস্ত শিশু ও বয়স্করা: বাড়ছে রোগের সংখ্যা
দিগন্ত জার্নাল ডেস্ক:
বছরের শুরুতেই সারা দেশে তীব্র শীতের দাপটে শিশু ও বয়স্করা শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ঘন কুয়াশা আর উত্তরের ঠান্ডা বাতাসের প্রভাবে রেসিপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন (এআরআই) বা শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং রোটাভাইরাসজনিত ডায়রিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সরকারি হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ নভেম্বর ২০২৪ থেকে ৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত দুই মাসে ডায়রিয়ায় ১ লাখ ১৫ হাজার ৭৭৬ জন এবং শ্বাসতন্ত্রের সংক্রমণে ৪৪ হাজার ৫৯২ জন চিকিৎসা নিয়েছেন। এ সময় ডায়রিয়ায় একজন এবং শ্বাসতন্ত্রের সমস্যায় ৫৪ জন মারা গেছেন।
সবচেয়ে বেশি আক্রান্ত চট্টগ্রাম বিভাগে ডায়রিয়া এবং ঢাকায় শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডায়রিয়ায় ৭২৩ জন এবং ঢাকায় শ্বাসতন্ত্রের সংক্রমণে ২৪৫ জন চিকিৎসা নিয়েছেন।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং মহাখালীর আইসিডিডিআর,বি হাসপাতালগুলোতে প্রতিদিন হাজারো শিশু ভর্তি হচ্ছে। আইসিডিডিআর,বি জানায়, গত ১ জানুয়ারি ৮৫০ শিশু ভর্তি হয়েছিল, যা বর্তমানে কিছুটা কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনজনিত কারণে ঠান্ডা-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। শিশুদের শীতকালীন সুরক্ষায় যথাযথ যত্ন ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।
পরামর্শ: ১. শিশুকে শীতের পোশাক পরিধান করান এবং মাথা ঢেকে রাখুন।
২. ঠান্ডা লাগলে নিজে থেকে ওষুধ না দিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
৩. শিশুদের ইপিআই কর্মসূচির আওতায় নিয়মিত টিকা দিন।
৪. শিশুদের সুষম খাদ্য ও মায়ের বুকের দুধ নিশ্চিত করুন।
আবহাওয়াবিদদের মতে, জানুয়ারিতে একাধিক মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাই এই সময় শীতজনিত রোগ প্রতিরোধে সচেতন থাকা জরুরি।