গাজায় আরও ৪৫ জন শহীদ, সংখ্যা ছাড়াল ৫১ হাজার ৩০৫
আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরাইলি বাহিনীর লাগাতার বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০৫ জন। বুধবার রাতভর এই আগ্রাসনে মৃতের সংখ্যা আরও বাড়ছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) আলজাজিরা ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গণহত্যামূলক আগ্রাসনে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬ জন।
শুধু গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলাতেই নিহত হয়েছেন ১ হাজার ৯২৮ জন এবং আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ।
সংঘাতের শুরু থেকে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। রাস্তাঘাটে পড়ে থাকা আহতদের অনেকের কাছে এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।
এ বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হলেও, মাত্র দুই মাসের মাথায় আবারও শুরু হয় আগ্রাসন। মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে ফের গাজায় হামলা শুরু করে ইসরাইল।
জাতিসংঘ জানিয়েছে, এই আগ্রাসনে গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমন নৃশংসতার জেরে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলার মুখোমুখি হয়েছে ইসরাইল।
প্রতিদিনের মতো আজও গাজার আকাশে ড্রোনের গুঞ্জন আর ধ্বংসের বিভীষিকা; মৃত্যুর তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে, আর মানবতাবিরোধী এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই।