বৈশাখে বৃষ্টির ছোঁয়া, তাপপ্রবাহের দাপট এখনো অব্যাহত
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ || বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি ঝরলেও গরমের দাপট যেন কমছেই না। প্রখর রোদের তেজে দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে এর মধ্যেও দেশের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
তবে এই সময় রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্তও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে সোমবার (২৮ এপ্রিল) থেকে দেশের আটটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) আবারও তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস থাকলেও বৃষ্টির প্রবণতা থাকবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায়। বুধবার (৩০ এপ্রিল) পর্যন্ত কিছুটা ঝড়বৃষ্টি থাকলেও সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা বলা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিলের শেষ দিকে তাপমাত্রার এই রকম ওঠানামা স্বাভাবিক। তবে দিনের তীব্র গরমে জনজীবন ভোগান্তিতে পড়েছে। তাই গরমে সুস্থ থাকতে সবারই সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।