আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ || আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকালে দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
রোববার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
মঙ্গলবার রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার একই অবস্থা বজায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।