ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুরের ১০ দিনের রিমান্ড আবেদন - দিগন্ত জার্নাল

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুরের ১০ দিনের রিমান্ড আবেদন

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) ২৪ এর জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। বুধবার গুলশান থানার এসআই আব্দুস সালাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি আদালতে অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার বিকালে বেইলি রোড এলাকা থেকে কিছু যুবক সিদ্দিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। প্রথমে তাকে রমনা থানায় নেওয়া হলেও পরে গুলশান থানায় স্থানান্তর করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় জব্বার আলী নিজেই বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।

ঘটনাটি নিয়ে তখন থেকেই আলোচনা ও বিতর্ক চলছিল। চলমান তদন্তের অংশ হিসেবে সম্প্রতি এই মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

an adbox will go here