তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের ফোনালাপ - দিগন্ত জার্নাল

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক:

শুক্রবার, (১৬ মে ২০২৫) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার (১৫ মে) আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ভারতের কোনো মন্ত্রীর সঙ্গে তালেবান সরকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পর্যায়ের সংলাপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এই ফোনালাপটি এমন এক সময় হলো, যখন আফগানিস্তানের তালেবান প্রশাসন সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার নিন্দা জানিয়েছে। তবে এখনও নয়াদিল্লি সরকার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

ফোনালাপের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জয়শঙ্কর লিখেছেন, “আজ সন্ধ্যায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ভালো আলোচনা হয়েছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় তার নিন্দা প্রকাশের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “ভারত-আফগান সম্পর্ক নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা যে চলছে, সেটির দৃঢ় প্রত্যাখ্যান করায় আমি তাকে স্বাগত জানাই।”

তালেবান সরকারের যোগাযোগ-বিষয়ক পরিচালক হাফিজ জিয়া আহমেদ জানিয়েছেন, এই ফোনালাপে আমির খান মুত্তাকি ভারতে চিকিৎসার জন্য আবেদন করা আফগান নাগরিকদের আরও ভিসা প্রদানের অনুরোধ জানান। এছাড়া আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক বাণিজ্য, ভারতীয় কারাগারে আটক আফগান নাগরিকদের মুক্তি ও প্রত্যাবর্তন, এবং ইরানের চাবাহার বন্দর উন্নয়ন।

এর আগে, গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ কাবুল সফরে গিয়ে আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন। এই ধারাবাহিকতায় দু’দেশের মধ্যকার কূটনৈতিক যোগাযোগের মাত্রা আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

an adbox will go here