অবরুদ্ধ গাজায় ৮০ দিন পর মাত্র ৯টি ত্রাণ ট্রাক ঢুকতে দিল ইসরাইল - দিগন্ত জার্নাল

অবরুদ্ধ গাজায় ৮০ দিন পর মাত্র ৯টি ত্রাণ ট্রাক ঢুকতে দিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) প্রায় ৮০ দিন ধরে চলা চরম অবরোধের মধ্যে গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য মাত্র ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু ইসরাইলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর আঞ্চলিক সরকারি কার্যক্রমের সমন্বয় শাখা সিওজিএটি-এর প্রধান ঘাসান আলিয়ান ‘আর্মি রেডিও’কে জানান, শিশুখাদ্যসহ মানবিক সহায়তা বহনকারী ৯টি ট্রাক কয়েক ঘণ্টার মধ্যে গাজায় প্রবেশ করবে। এই ত্রাণ সামগ্রী আন্তর্জাতিক সংস্থার গুদামে পৌঁছে ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

গাজার মানবাধিকার ও সরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে গাজার সকল প্রবেশপথ বন্ধ রেখেছে ইসরাইল, যার ফলে অঞ্চলটিতে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। বিশ্বব্যাংকের তথ্যমতে, গাজার প্রায় ২৪ লাখ মানুষ বর্তমানে সম্পূর্ণরূপে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্ভিক্ষ প্রতিরোধের’ স্বার্থে গাজাবাসীর জন্য মৌলিক পরিমাণ খাদ্য সরবরাহের অনুমতি দেওয়া হচ্ছে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, দুর্ভিক্ষ শুরু হলে তা ‘অপারেশন গিডিয়নের রথ’ নামে পরিচিত ইসরাইলি স্থল অভিযানের ধারাবাহিকতা ব্যাহত করতে পারে।

ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন সূত্রে জানানো হয়েছে, এই ত্রাণ সরবরাহ অস্থায়ী এবং এক সপ্তাহের বেশি স্থায়ী নাও হতে পারে। এরমধ্যে ইসরাইলি সেনা তত্ত্বাবধানে ও মার্কিন নিরাপত্তা ঠিকাদারদের পরিচালনায় দক্ষিণ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপনের কাজ চলবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় যে সহিংস অভিযান চালিয়ে যাচ্ছে, তাতে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৫৩,৩০০ জনের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এই ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ইতোমধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।

an adbox will go here