দেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা চালুর পথে, দোহায় ড. ইউনূস-লরেন ড্রেয়ারের বৈঠক - দিগন্ত জার্নাল

দেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা চালুর পথে, দোহায় ড. ইউনূস-লরেন ড্রেয়ারের বৈঠক

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার, (২৩ মে ২০২৫) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কাতারের দোহায় আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে। বৈঠকে বাংলাদেশের মানুষের জন্য উচ্চগতির ইন্টারনেট সেবায় স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা শিগগিরই চালুর লক্ষ্যে চূড়ান্ত সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করা লরেন ড্রেয়ার জানান, এই অংশীদারিত্ব চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তিনি মে মাসের মধ্যেই প্রযুক্তিগত উৎক্ষেপণের জন্য প্রস্তুতি সম্পন্ন করতে তাঁর টিমকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “আমরা প্রায় শেষ রেখায় পৌঁছে গেছি।”

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশে এটি একটি বড় খবর। মানুষ দিন গুনছে। সময় এলে আমরা তা উদযাপন করব বড় পরিসরে।” তিনি বাংলাদেশের মানুষের আগ্রহ ও উদ্দীপনার কথা তুলে ধরেন এবং এই উদ্যোগের দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্পেসএক্সের এই অংশীদারিত্ব পূর্ণমাত্রায় কার্যকর হবে একটি প্রযুক্তিগত রোলআউটের মাধ্যমে, যার আগে কয়েকটি চূড়ান্ত বিষয় সমাধান করা হবে বলে জানা গেছে। একইসঙ্গে ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠান পেপ্যালকেও ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে বাংলাদেশের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার চিন্তা চলছে।

লরেন ড্রেয়ার বলেন, “শুরু থেকেই এটি ছিল আমাদের অংশগ্রহণ করা অন্যতম সুসংগঠিত ও কার্যকরী একটি উদ্যোগ।” বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

বিশ্লেষকরা বলছেন, এই অংশীদারিত্ব বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পৌঁছানো সম্ভব হবে, যা ডিজিটাল বাংলাদেশ গঠনে একটি বড় মাইলফলক হবে।

an adbox will go here