গাজায় ফের ইসরাইলি হামলায় নিহত ৬০
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ১ জুন ২০২৫
অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। শনিবার (৩১ মে) এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।
বিবৃতিতে বলা হয়, আহত হয়েছেন ২৮৪ জন। ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩৮১ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৫৪ জন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকলেও উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল আগ্রাসনের পর থেকেই গাজায় শুরু হয় ইসরাইলের সামরিক অভিযান। ওই হামলায় ১২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হন।
চলমান সহিংসতা থামাতে জানুয়ারি মাসে একটি যুদ্ধবিরতিতে পৌঁছালেও তা ভেঙে যায় মার্চের ১৮ তারিখ। দ্বিতীয় দফা হামলায় গত আড়াই মাসে গাজায় প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৮২২ জন এবং আহত হয়েছেন প্রায় ১১ হাজার।