দক্ষিণ ও পূর্বাঞ্চলে পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (৭ জুন ২০২৫) দেশের কয়েকটি বিভাগে আগামী পাঁচদিন টানা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলাপূর্ণ থাকবে।
রোববার থেকে বুধবার পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বুধবার আবার ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগেও বৃষ্টি ফিরে আসবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এই সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হলেও তা ভারী নয়, তবে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা থাকায় জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।