কলম্বিয়ায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে - দিগন্ত জার্নাল

কলম্বিয়ায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ০৮ জুন ২০২৫
কলম্বিয়ার রাজধানী বোগোতায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও বর্তমান সেনেটর মিগেল উরিবে। শনিবার বোগোতার ফন্তিবন এলাকার একটি সরকারি পার্কে প্রচারণা অনুষ্ঠানে পেছন থেকে তার ওপর গুলি চালায় এক সশস্ত্র গোষ্ঠী। তাকে তিনবার গুলি করা হয়েছে, যার মধ্যে দুটি গুলি তার মাথায় লাগে।

৩৯ বছর বয়সী মিগেল উরিবে দেশটির রক্ষণশীল বিরোধী দল ডেমোক্র্যাটিক সেন্টারের সদস্য। তিনি ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সে লক্ষ্যেই নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। ঘটনার পর দেশটির সরকার, উরিবের রাজনৈতিক দল এবং তার স্ত্রী জানিয়েছেন, উরিবের অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

ডেমোক্র্যাটিক সেন্টার পার্টি এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানায়। তারা এটিকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে এবং ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। এই হামলা কলম্বিয়ার রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, যেখানে নির্বাচনী সহিংসতার ইতিহাস আগে থেকেই বিদ্যমান।

an adbox will go here