আল-জাজিরার বিরুদ্ধে কড়া অবস্থানে ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভির - দিগন্ত জার্নাল

আল-জাজিরার বিরুদ্ধে কড়া অবস্থানে ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভির

আন্তর্জাতিক ডেস্ক:

বৃহস্পতিবার,(১৯ জুন ২০২৫) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে ইসরাইলের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ আখ্যা দিয়ে আবারও কড়া অবস্থান নিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সম্প্রতি এক সংক্ষিপ্ত টেলিভিশন বিবৃতিতে তিনি দাবি করেন, “আল-জাজিরা শুধু একটি সংবাদমাধ্যম নয়, বরং এটি ইসরাইলের নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি কাজ করছে। তাদের কার্যক্রম বন্ধ করা এখন সময়ের দাবি।”

বেন-গভির আরো বলেন, “ইসরাইলি নাগরিকদের মধ্যে যারা আল-জাজিরা দেখে, তাদের বিরুদ্ধেও যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়—সে জন্য আমি পুলিশকে আহ্বান জানাচ্ছি।”

এর আগেও, ২০২৪ সালের মে মাসের শুরুতে ইসরাইল সরকার আল-জাজিরার দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। তখন চ্যানেলটির অফিস সিলগালা করে দেওয়া হয় এবং সম্প্রচার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

মানবাধিকার সংস্থাগুলো এই নিষেধাজ্ঞাকে মতপ্রকাশের স্বাধীনতার চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। তবে ইসরাইলি ডানপন্থী শাসকগোষ্ঠী এবং মন্ত্রীদের মতে, আল-জাজিরা বরাবরই ‘উস্কানিমূলক ও পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করে আসছে’, যা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আল-জাজিরা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ বাড়ছে।

an adbox will go here