যুদ্ধবিরতির পর ‘বিজয়ের গর্ব’ ভাগাভাগির আহ্বান ইরানি প্রেসিডেন্টের - দিগন্ত জার্নাল

যুদ্ধবিরতির পর ‘বিজয়ের গর্ব’ ভাগাভাগির আহ্বান ইরানি প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫

ইসরাইলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে যুদ্ধবিরতি কার্যকরের পর এবার জাতিকে অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। মঙ্গলবার রাতে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইলি আগ্রাসনের মুখেও যেভাবে ইরানি জনগণ ঐক্য ও প্রতিরোধ ধরে রেখেছে, তা গর্ব করার মতো।”

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, “সর্বসাধারণের উচিত নিজেদের বিজয়ের জন্য গর্ব করা। যুদ্ধবিরতি কূটনৈতিকভাবে নয়, ইরানের সশস্ত্র বাহিনীর চূড়ান্ত জবাবেই ইসরাইলি বাহিনী তা মানতে বাধ্য হয়েছে।”তিনি বলেন, “এই সংঘাতের সময়ে ইরানিদের মধ্যে যে মূল্যবান ঐক্য সৃষ্টি হয়েছে, সেটি একটি জাতীয় সম্পদ। এই সংহতি আমাদের ভবিষ্যতের ভিত্তি, যা ধরে রাখতে হবে।”

ইরানি বাহিনীর প্রতিক্রিয়া কতটা কার্যকর ছিল, তা নিয়ে পেজেশকিয়ান দাবি করেন, “শত্রুরা আমাদের চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি ও আঘাত পেয়েছে। ইসরায়েলের দুঃসাহসী কর্মকাণ্ড তাদের ওপর শুধু বিশাল খরচই চাপিয়ে দেয়নি, বরং সারা বিশ্বের সামনে ইরানি জাতির মর্যাদাকেও তুলে ধরেছে।”

জাতিকে ঐক্য ধরে রাখার বার্তা দিয়ে প্রেসিডেন্ট বলেন, “এই বিজয়ের গর্ব জনগণের কারণেই এসেছে। তাই এই গর্ব সবার হওয়া উচিত।”বার্তার শেষাংশে তিনি আঞ্চলিক শান্তির ওপর জোর দিয়ে বলেন, “ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহাবস্থানে বিশ্বাসী। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা কেবল নিজেদের জন্য নয়, মুসলিম ও আঞ্চলিক জনগণের নিরাপত্তার জন্যও নিবেদিত। শত্রুর বিভাজনমূলক চক্রান্ত ব্যর্থ করতে প্রয়োজন আঞ্চলিক প্রজ্ঞা ও সতর্কতা।”

সূত্র: মেহের নিউজ

an adbox will go here