ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের ইনকামে বড় ধাক্কা, সব ভিডিও হবে ‘রিলস’
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, (২৬ জুন ২০২৫);বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্তে। এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না—সব ভিডিওই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে।
সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন—ছোট বা দীর্ঘ—সবকিছুই রিলস হিসেবে পোস্ট হবে। ফলে ভিডিও ও রিলসের মধ্যে যে পার্থক্য ছিল, তা আর থাকছে না। এর ফলে অনেক কনটেন্ট নির্মাতা যাঁরা মূলত ভিডিও ফিচার ব্যবহার করে আয় করতেন, তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এতদিন পর্যন্ত ফেসবুকে ভিডিও ও রিলস ছিল দুটি ভিন্ন ফিচার, যার জন্য আলাদা আলাদা টুলস ব্যবহৃত হতো। এবার থেকে মেটা একটি সিঙ্গেল, সিম্পল ইন্টারফেসে সবকিছুকে একত্র করছে। এতে ব্যবহারকারীরা সহজেই ভিডিও তৈরি, সম্পাদনা এবং শেয়ার করতে পারবেন।
এই নতুন আপডেটের সঙ্গে থাকছে একাধিক ক্রিয়েটিভ টুল, যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে। রিলসে এখন আর কোনো সময়সীমার বাধা থাকছে না। ব্যবহারকারী চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ বা ১০ মিনিটেরও বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন—সবই ‘রিলস’ হিসেবেই প্রকাশ পাবে।
এই পরিবর্তনের ফলে ফেসবুক ভিডিও প্ল্যাটফর্মের আয়ের কাঠামো ও দর্শকসংখ্যার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।