সন্তানকে বিদেশে পাঠালে চাকুরি ছাড়তে হবে: আফ’গানিস্তানে নতুন নির্দেশনা
আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, (২৬ জুন ২০২৫) আফ’গানিস্তানে নতুন এক নির্দেশনায় বলা হয়েছে, কোনো সরকারি চাকুরিজীবী যদি তার সন্তানকে দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠাতে চান, তবে তাকে সরকারিভাবে চাকুরি ছেড়ে দিতে হবে।
আফ’গান স্বরাষ্ট্র মন্ত্রী সিরাজুদ্দিন হা’ক্কানি টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন, ঘানি সরকারের আমলে অনেক সরকারি কর্মকর্তা তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাতেন। এরপর ধাপে ধাপে তাদের সম্পদ বিদেশে সরিয়ে নিতেন এবং বিদেশে বাড়ি-ঘর কিনে নাগরিকত্ব গ্রহণ করাতেন সন্তানদের। শেষপর্যন্ত সুবিধাজনক সময়ে তারা দেশ ছেড়ে আমেরিকা, কানাডা, সুইডেন বা দুবাইয়ে চলে যেতেন, ফলে দেশ থেকে বিপুল সম্পদ পাচার হতো।
তিনি বলেন, “এখন থেকে যদি কোনো ব্যক্তি তার সন্তান বা পরিবারের কাউকে বিদেশে পাঠাতে চান, তবে আগে তিনি জনগণের চাকুরি ছেড়ে দিন। এটা ‘রিপাবলিক’ না, এটা ইসলা’মিক আমিরাত। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।”
তিনি আরও জানান, এ নির্দেশনা শুধু সরকারি চাকুরিজীবীদের জন্য নয়; বরং যারা সরকারের অংশ, এমন সব আফ’গান রাজনীতিবিদদের ক্ষেত্রেও এটি সমভাবে প্রযোজ্য হবে।