জাতিসংঘে মার্কিন হামলার ব্যাখ্যা ‘আইনিভাবে ভিত্তিহীন’: ইরান
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ – ২৬ জুন ২০২৫
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে ওয়াশিংটনের ব্যাখার তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘের মহাসচিব ও পরিষদের প্রেসিডেন্ট বরাবর পাঠানো চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি যুক্তরাষ্ট্রের এই ব্যাখ্যাকে ‘আইনিভাবে ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।
চিঠিতে ইরাভানি বলেন, মার্কিন হামলা ছিল ‘অবৈধ ও ইরানের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন’। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার যুক্তি তুলে ধরে যুক্তরাষ্ট্র যে ব্যাখ্যা দিয়েছে, তা আন্তর্জাতিক আইনের ‘হত্যা’— এমন মন্তব্য করেছেন ইরানি প্রতিনিধি। তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সিদ্ধান্ত অনুযায়ী, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ও নিরীক্ষা প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাযা কাল্লাসও মার্কিন হামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘শতভাগ বৈধ বলা যায় না।’