আবহাওয়ার খবর: ঢাকায় হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা - দিগন্ত জার্নাল

আবহাওয়ার খবর: ঢাকায় হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া ডেস্ক:

সোমবার, ২৮ জুলাই ২০২৫ | আজ সোমবার (২৮ জুলাই) ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। সেইসঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগে রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়—আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

an adbox will go here