গাজায় দুর্ভিক্ষ অস্বীকার করলেন নেতানিয়াহু, জাতিসংঘের প্রতিবেদনে ‘রক্ত অপবাদ’ অভিযোগ - দিগন্ত জার্নাল

গাজায় দুর্ভিক্ষ অস্বীকার করলেন নেতানিয়াহু, জাতিসংঘের প্রতিবেদনে ‘রক্ত অপবাদ’ অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার (২৩ আগস্ট ২০২৫), ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জাতিসংঘের গাজায় দুর্ভিক্ষ ঘোষণাকে ‘মিথ্যা’ ও ‘আধুনিক রক্ত অপবাদ’ বলে প্রত্যাখ্যান করেছে। শনিবার (২৩ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘রক্ত অপবাদ’ বলতে বোঝায় সেই ঐতিহাসিক অভিযোগ, যেখানে ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টান শিশু হত্যা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে তাদের রক্ত ব্যবহারের মিথ ছড়ানো হয়েছিল, যা মধ্যযুগ থেকে বিংশ শতকের শুরু পর্যন্ত চালু ছিল।

জাতিসংঘ-সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ক্লাসিফিকেশনের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পাঁচ লাখ মানুষ ইতিমধ্যে দুর্ভিক্ষে আটকা পড়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রায় ৬ লাখ ৪০ হাজার মানুষ ‘বিপর্যয়কর খাদ্য-নিরাপত্তাহীনতা’র (ফেজ ৫) মুখে পড়বে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ক্ষুধায় এখন পর্যন্ত ২৮১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১১৪ জন শিশু।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় নেতানিয়াহু লেখেন, “ইসরাইলের কোনো নীতি দুর্ভিক্ষ সৃষ্টির জন্য নয়, বরং দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য। একমাত্র যারা গাজায় ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে, তারা হলো ইসরাইলি জিম্মিরা। এটি আধুনিক রক্ত অপবাদ, যা পক্ষপাতের আগুনে ছড়িয়ে পড়ছে।” তিনি দাবি করেন, জুলাই মাসে জাতিসংঘের হিসাবে ১,০১২টি সাহায্যবাহী ট্রাক সংগ্রহ হলেও মাত্র ১০টি গুদামে পৌঁছায়; বাকিগুলো বিতরণের আগেই লুট হয়ে যায়। নেতানিয়াহু স্বীকার করেন যে সাময়িকভাবে সাহায্য ঘাটতি হয়েছিল, তবে তা মোকাবিলা করা হয়েছে আকাশপথ, সমুদ্রপথে সরবরাহ, নিরাপদ পরিবহন রুট এবং মার্কিন কোম্পানি পরিচালিত বিতরণ কেন্দ্রের মাধ্যমে। তবে তার বিবৃতিতে গাজার ওপর ইসরাইলের অবরোধের প্রসঙ্গ আসেনি, যা মার্চ মাসে যুদ্ধবিরতি-জিম্মি বিনিময় চুক্তি ভেস্তে যাওয়ার পর শুরু হয়।

an adbox will go here