সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সোমবার, ২ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, শ্রমিক আন্দোলনের আড়ালে অনেকে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে, তাদের স্পষ্ট করে বলতে চাই—কঠোর হাতে দমন করা হবে।
তিনি আরও বলেন, কিছু পতিত শক্তির দোসর এখানে রয়েছে। গত কয়েক দিন ধরে যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের মধ্যে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না। ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার কোনো শিল্পকারখানা বন্ধ করতে চায় না। কারণ, এসব শিল্পকারখানার সঙ্গে অসংখ্য শ্রমিকের রুটি-রুজি জড়িত।
ডিসেম্বর মাস নিয়ে আলোচনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে।’
তিনি আরও বলেন, কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি যদি দেশে ফিরতে চান, তাহলে অতিশীঘ্রই যেন প্রত্যাবর্তন করেন। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে।
পলাতক আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যদি চান, আজকেই দেশে প্রবেশ করতে পারেন। তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, ডিসেম্বর নিয়ে বারবার আলোচনা করে পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে।