আজ থেকে ই-রিকশার নিবন্ধন শুরু, এককালীন ফি ৮-১০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: সোমবার, ২ নভেম্বর ২০২৬
ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, দুই ও চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য এককালীন ৮ থেকে ১০ হাজার টাকা নিবন্ধন ফি দিতে হবে। প্রতি বছর নিবন্ধন নবায়ন করতে হবে। নিবন্ধনের তারিখ থেকে এসব যানবাহনের ব্যবহারযোগ্য মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১২ বছর।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের ১৩টি সিটি করপোরেশনে আজ থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে।
ই-রিকশার নিবন্ধন ও নবায়ন ফি কত?
নতুন নিয়ম অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার প্রাথমিক নিবন্ধন ফি ৮ হাজার টাকা। অন্যদিকে চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বার্ষিক নবায়ন ফি দুই যাত্রীর ক্ষেত্রে ৪ হাজার এবং চার যাত্রীর ক্ষেত্রে ৫ হাজার টাকা। এ ছাড়া ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।
নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত নম্বর প্লেট ও তথ্যসংবলিত ব্লু-বুক দেওয়া হবে। নম্বর প্লেটের জন্য অতিরিক্ত ১ হাজার টাকা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
নিবন্ধন ও ফিটনেস ছাড়া সড়কে চলাচল নিষিদ্ধ
নতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ও ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলতে পারবে না। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস চলাচলের সড়কেও এসব যানবাহনের চলাচল নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা, যাত্রী ধারণক্ষমতা ও চলাচলের রুট নির্ধারণ করা হবে।
বুয়েটের নির্ধারিত মান পূরণ করতে হবে
প্রতিটি ই-রিকশাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত ও নিরাপত্তা মান পূরণ করতে হবে। পুরোনো ই-রিকশাগুলোকেও প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন করে অনুমোদন নিতে হবে।
ঢাকার দুই সিটিতে আটটি অঞ্চল
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে আটটি অঞ্চল নির্ধারণ করা হবে। প্রতিটি অঞ্চলের জন্য থাকবে আলাদা রং।
তবে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও একসঙ্গে সব ই-রিকশা সড়ক থেকে সরিয়ে দেওয়া হবে না। পর্যায়ক্রমে নিবন্ধন এবং অবৈধ যানবাহন অপসারণের কার্যক্রম পরিচালনা করা হবে।