যুবসমাজকে দক্ষ ও মাদকমুক্ত হতে হবে: নাটোরে দুলু - দিগন্ত জার্নাল

যুবসমাজকে দক্ষ ও মাদকমুক্ত হতে হবে: নাটোরে দুলু

নাটোরে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

ডেস্ক রিপোর্ট: সোমবার, ২ নভেম্বর ২০২৬

নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুবসমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত করেছে। এ সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে।

রোববার (১ নভেম্বর) নাটোরে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

দুলু বলেন, যুবসমাজ হচ্ছে যেকোনো দেশের প্রাণ। তাই তরুণদের মাদক, নেশা ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে। কোনো দেশের যুবসমাজ মাদক, নেশা ও সন্ত্রাসমুক্ত থাকলে সেই দেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন, একটি মহল দেশের যুবসমাজকে নষ্ট করতে বিভিন্ন ধরনের মাদক পাচার করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব এবং মোস্তাফিজুর রহমান শাহিন।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজন করা হয় যুব মেলা।

এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

an adbox will go here